মে ৬, ২০২৬, ১২:১৬ পিএম
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য শান্তি আলোচনার ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তির আভাস দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে বিশ্বব্যাপী তেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে।
বুধবার (৬ মে) গ্রিনিচ মান সময় ০১টা ০৩ মিনিটে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের অন্যতম মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ এর দাম ১ দশমিক ৫২ ডলার বা ১ দশমিক ৩৮ শতাংশ কমেছে। এর ফলে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ১০৮ দশমিক ৩৫ ডলারে।
উল্লেখ্য যে, এর আগের দিনও ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ পর্যন্ত কমেছিল।একই সময়ে যুক্তরাষ্ট্রের তেলের বাজার ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ বা ডব্লিউটিআই এর দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৪৭ শতাংশ কমেছে।
বর্তমানে প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেল ১০০ দশমিক ৭৭ ডলারে বিক্রি হচ্ছে। গত মঙ্গলবারও এই তেলের দাম ৩ দশমিক ৯ শতাংশ কমেছিল। বিনিয়োগকারীদের ধারণা, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হলে ওই অঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থা আবার আগের মতো স্বাভাবিক ধারায় ফিরবে।পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়।
বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে পরিবাহিত হয়। গত সপ্তাহে সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে ট্রাম্পের সাম্প্রতিক বার্তার পর বাজারে সরবরাহ নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে, যা তেলের দাম কমাতে সহায়ক ভূমিকা পালন করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন