মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,

স্বর্ণের দামে বড় লাফ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৬, ২০২৬, ০৬:০৯ পিএম

স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

আন্তর্জাতিক বাজারে আবারও বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে স্বর্ণের দামে। বুধবার (৬ মে) এক দিনেই এই মূল্যবান ধাতুর দাম ২ শতাংশের বেশি বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ববাজারে এখন স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪ হাজার ৬৪৭ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে।

একই সময়ে আগামী জুন মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৬৫১ ডলারে। মার্কিন ডলারের দরপতন এবং মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার সম্ভাবনাকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বাজার বিশ্লেষক সংস্থা ওয়ান্ডার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং জানান, অনিশ্চয়তা ও ঝুঁকি কিছুটা হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা আবারও স্বর্ণে মনোযোগ দিচ্ছেন। ডলারের দুর্বলতা আন্তর্জাতিক বাজারে স্বর্ণকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে চলমান সামরিক অভিযান তিনি সাময়িকভাবে স্থগিত করছেন। ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতার পথে অগ্রগতির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।এই ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা পতন হয়েছে। সাধারণত তেলের দাম ও ভূরাজনীতির এমন সমীকরণ স্বর্ণের বাজারকে চাঙ্গা করে তোলে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বিশ্ববাজারে বেড়েছে। বুধবার রূপার দাম ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ৩ দশমিক ৪ এবং ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।