মে ২১, ২০২৬, ০৮:৪৬ পিএম
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের সুখবর পেয়েছে বাংলাদেশ। চলতি মে মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ হাজার কোটি টাকার সমান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্সের এই প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
গত বছর মে মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার।কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রতিদিন গড়ে প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, কোরবানি ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজনের কাছে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি অর্থ পাঠাচ্ছেন, যার ফলে প্রবাসী আয়ে এই ইতিবাচক গতি সঞ্চারিত হয়েছে।
গত মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড।এপ্রিল মাসে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। ধারাবাহিকভাবে রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করছে। করোনা-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মূল ভূমিকা পালন করছে। প্রবাসীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে এনেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন