মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

সাভারে ৮০ হাজার কাঁচা চামড়া এলেও দামে হতাশ বিক্রেতারা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৮, ২০২৬, ১১:১২ পিএম

সাভারে ৮০ হাজার কাঁচা চামড়া এলেও দামে হতাশ বিক্রেতারা

ছবি - সংগৃহীত

ঈদুল আজহার প্রথম দিনেই ঢাকার সাভারের চামড়া শিল্পনগরীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর কাঁচা চামড়া। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮০ হাজার চামড়া শিল্পনগরীতে প্রবেশ করেছে। তবে সরবরাহ বাড়লেও বাজারে সরকার নির্ধারিত প্রত্যাশিত দাম না পেয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসার প্রতিনিধিরা।সাভারের চামড়া শিল্পনগরী সংলগ্ন আড়তগুলোতে এই চিত্র দেখা গেছে।

দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩৪১টি ট্রাকে মোট ৭৯ হাজার ২১৮টি কাঁচা চামড়া এখানে এসেছে বলে বিসিক কার্যালয় জানিয়েছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৭৮ হাজার ৫১৫টি এবং ছাগল-ভেড়ার চামড়া ৭০৩টি। দেশের বিভিন্ন এলাকা থেকে চামড়াবাহী ট্রাক আসার পর ট্যানারি ও আড়তের শ্রমিকেরা দ্রুত লবণ মাখিয়ে সংরক্ষণের কাজ শুরু করেন। তবে মাঠপর্যায় থেকে ৭০০ টাকায় চামড়া কিনে আড়তে এনে ৬০০ টাকা দাম পাওয়ায় গাড়ি ভাড়াও উঠছে না বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের।

আড়ত মালিকেরা অবশ্য এই পরিস্থিতির জন্য চরম নগদ অর্থ সংকটকে দায়ী করছেন। ট্যানারিগুলোর কাছে আড়তদারদের কোটি কোটি টাকা বকেয়া আটকে থাকায় এবং ব্যাংক ঋণের সুবিধা না পাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্থানীয় আড়তদার সমিতি জানিয়েছে। আন্তর্জাতিক বাজারে চামড়ার দরপতন এবং রপ্তানিতে অতিনির্ভরতার কারণে ট্যানারি মালিকেরাও এবার বড় ধরনের চাপে রয়েছেন। অনেক কারখানায় আগের বছরের চামড়া এখনও মজুত রয়ে গেছে।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, এ বছর দেশজুড়ে প্রায় এক কোটি পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। রাতের দিকে বেচাকেনা বেশি হওয়ায় দ্রুত দর নির্ধারণে কিছু জটিলতা হচ্ছে।