মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

সাভারে পৌঁছেছে সোয়া ৫ লাখ কাঁচা চামড়া, কিছুটা বেড়েছে দাম

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ১১:১৩ পিএম

সাভারে পৌঁছেছে সোয়া ৫ লাখ কাঁচা চামড়া, কিছুটা বেড়েছে দাম

ঈদুল আজহার কোরবানির পশুর কাঁচা চামড়া সাভারের চামড়াশিল্প নগরীতে আসা অব্যাহত রয়েছে। ঈদের দিন থেকে শুরু করে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে মোট ৫ লাখ ২৭ হাজার ৮৭৫টি চামড়া পৌঁছেছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৫ লাখ ১১ হাজার 调০০টি এবং ছাগল ও ভেড়ার চামড়া ১৬ হাজার ১৭৫টি বলে জানা গেছে।এ সময়ের মধ্যে মোট ১ হাজার ৭১৩টি চামড়াবাহী ট্রাক শিল্পনগরীতে প্রবেশ করেছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের তথ্য অনুযায়ী, রাজধানী ও এর চারপাশের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব চামড়া সাভারে আনা হচ্ছে। চামড়াশিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান জানান, সংগ্রহ ও পরিবহনের পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। 

বাংলাদেশ  অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শওকত উল্লাহ বলেন, সংগৃহীত চামড়া যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু হবে। এবার কোরবানির মৌসুমে ট্যানারি মালিকদের মোট ৭৫ থেকে ৮০ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে।

এদিকে ঈদের দিনের তুলনায় রাজধানীতে কাঁচা চামড়ার দাম কিছুটা বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। সরবরাহ কমে যাওয়া এবং তুলনামূলক ভালো মানের বড় আকারের চামড়া বেশি আসায় বাজারে এই পরিবর্তন এসেছে। ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, লালবাগ ও পোস্তাসহ বিভিন্ন এলাকায় মাঝারি আকারের গরুর চামড়া ৫৫০ থেকে ৭৫০ টাকা এবং বড় আকারের চামড়া ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ঈদের দিন একই ধরনের চামড়া বিক্রি হয়েছিল যথাক্রমে ৫০০ থেকে ৬৫০ টাকা এবং ৭০০ থেকে ৮০০ টাকায়।

দাম কিছুটা বাড়লেও তা এখনো সরকার নির্ধারিত দরের নিচে রয়েছে বলে বিক্রেতারা অভিযোগ করেছেন। চলতি বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হলেও ঈদের দিন সেই দরে বিক্রি করা সম্ভব হয়নি। অনেক ক্ষেত্রে গত বছরের তুলনায় প্রতি পিসে ১৫০  টাকা কম দাম পেয়েছেন প্রান্তিক বিক্রেতারা, যার কারণে দেশের কিছু এলাকায় অবিক্রীত চামড়া ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে। গতকাল পোস্তা এলাকায় চামড়া বেচাকেনা পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, চামড়া খাতের উন্নয়ন ও রপ্তানি সম্প্রসারণে আগামী জুলাইয়ের মধ্যে একটি দীর্ঘমেয়াদি সমন্বিত রোডম্যাপ প্রকাশ করা হবে।