জুন ২৩, ২০২৬, ১১:৩০ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সফল শান্তি আলোচনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার ক্রমান্বয়ে বৃদ্ধির পূর্বাভাসের কারণে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার শক্তিশালী হয়ে উঠেছে। এর প্রত্যক্ষ প্রভাবে বিশ্ববাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে গেছে বলে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা নিশ্চিত করেছেন।মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ হ্রাস পায়।
এতে প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৪ হাজার ১৪২ ডলার ৬১ সেন্টে নেমে আসে। একই সঙ্গে আগামী আগস্টে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৬০ ডলার ২০ সেন্টে দাঁড়িয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন, তেলের বাজার দর কমায় স্বর্ণ কিছুটা সুবিধা পেলেও শক্তিশালী ডলারের চাপের কারণে সেই সুবিধা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত কিছু বিশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তও বিশ্ববাজারের এই দরপতনকে ত্বরান্বিত করেছে।সিএমই ফেডওয়াচ টুলের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বৈশ্বিক ব্যবসায়ীরা এখন আগামী ডিসেম্বরে সুদের হার বাড়ার ক্ষেত্রে ৮৮ শতাংশ সম্ভাবনা দেখছেন, যা গত সপ্তাহে ছিল মাত্র ৬১ শতাংশ।
স্বর্ণের পাশাপাশি রূপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য হারে কমেছে। স্পট সিলভার বা রূপার দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ ডলার ৫ সেন্ট এবং প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৬৪৬ ডলার ৩০ ডলারে নেমে এসেছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এখন চলতি সপ্তাহের শেষে প্রকাশ হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগ ব্যয়ের সূচকের দিকে কড়া নজর রাখছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন