রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ১০:০৯ এএম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের সাপ্তাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। তবে শুক্রবার সকালের লেনদেনে দামের সামান্য হ্রাস দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৬ সেন্ট বা দশমিক ০৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড ফিউচারের দাম ৪ সেন্ট বা দশমিক ০৬ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭২ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে।

সাপ্তাহিক হিসেবে ব্রেন্টের দাম ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৫ শতাংশ বাড়ার পথে রয়েছে।গত বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৮৬ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৮৮ ডলারে উঠেছিল। ওপেকের তেল উৎপাদন জুন মাসে দৈনিক ৩৩ লাখ ব্যারেল বেড়েছে এবং উপসাগরীয় দেশগুলোর রপ্তানিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে রয়টার্সের জরিপে দেখা গেছে। 

তবে রপ্তানির এই পরিমাণ যুদ্ধপূর্ব সময়ের তুলনায় এখনও ৪০ শতাংশ কম। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে, যা এই জলপথের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।এএনজেড ব্যাংকের স্ট্র্যাটেজিস্ট ড্যানিয়েল হাইন্স জানান, ইরানে মার্কিন হামলা চললেও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করায় বাজার কিছুটা আশ্বস্ত। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যেও যুদ্ধের আশঙ্কায় কিছুটা ইতিবাচক আবহ তৈরি হয়েছে। তবে এর বাইরেও অর্থনৈতিক প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদন কমেছে এবং চীনে জুন মাসে উৎপাদক মূল্যস্ফীতি চার বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অভ্যন্তরীণ চাহিদার অভাবের কারণে মুনাফার চাপে থাকা এই পরিস্থিতি বৈশ্বিক তেলের চাহিদা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।