রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই মাসে ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে দেশে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০৭:৫০ পিএম

জুলাই মাসে ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে দেশে

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে প্রায় ২৮৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসা এই অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগের বছরের জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। চলতি বছরের জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ২৮৫ কোটি ৯০ লাখ ডলারে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির ভিত্ত আরও সুদৃঢ় হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আলোচ্য মাসের শেষ দুই দিনে অর্থাৎ ত্রিশ থেকে একত্রিশ জুলাইয়ের মধ্যে দেশে ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রবাসীদের পাঠানো এই ধারাবাহিক বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনছে।আসছে মাসগুলোতেও রেমিট্যান্সের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছেন ব্যাংকাররা।