অক্টোবর ৫, ২০২৬, ১২:৪৪ পিএম
মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের রপ্তানি যুদ্ধের আগের মাত্রাকে ছাড়িয়ে যাওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে। একই সাথে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের জরুরি মজুত থেকে বিপুল পরিমাণ তেল ও ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্তও পণ্যটির বৈশ্বিক মূল্যে প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় দাম কিছুটা নিম্নমুখী হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) গ্রিনিচ মান সময় ভোর সাড়ে চারটার দিকে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০১ দশমিক ১৮ মার্কিন ডলারে নেমে আসে। এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক শূন্য ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ১২ ডলারে দাঁড়ায়।
বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের মোট রপ্তানি ২৪ সেপ্টেম্বর এবং ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর সময়কালে সাম্প্রতিক যুদ্ধের পূর্ববর্তী মাত্রা অতিক্রম করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছিল তা কিছুটা প্রশমিত হয়। এদিকে বৈশ্বিক সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল আন্তর্জাতিক বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-সেভেন।
বাজারের সাম্প্রতিক ওঠানামা প্রসঙ্গে কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার মন্তব্য করেন যে এই দুটি পদক্ষেপ আপাতত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী রাখার জন্য যথেষ্ট কার্যকর ভূমিকা রাখছে। তবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলোয় আরও নতুন ক্ষয়ক্ষতির ঝুঁকি এখনো সম্পূর্ণভাবে কাটেনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন