অক্টোবর ১৪, ২০২৫, ০৯:১১ এএম
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়ে ইতিহাসের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক লাফে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম ৪ হাজার ৬১৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই নতুন দাম আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। এর আগে গত ৯ অক্টোবর নির্ধারিত ২ লাখ ৯ হাজার ১০১ টাকাই ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪০৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২১৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকায়।
বাজুস জানিয়েছে, ক্রেতাদের স্বর্ণালংকার কেনার সময় বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে মূল্য পরিশোধ করতে হবে। মাত্র কয়েক দিনের ব্যবধানে স্বর্ণের দামে এই বিশাল উল্লম্ফন ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন