মে ২৩, ২০২৬, ১২:৩৪ পিএম
দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিকে আজ থেকেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে। পূর্বনির্ধারিত ক্লাস চালানোর সিদ্ধান্ত পরিবর্তন করে এই ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুক্রবার রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ৬ জুন পর্যন্ত দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।এর আগে গত ২৪ মার্চ এক বিশেষ নির্দেশনায় ছুটির পরের প্রথম দশটি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছিল অধিদপ্তর।
রমজান মাসে স্কুল ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছিল, তা পূরণ করতেই মূলত ওই অতিরিক্ত ক্লাসের পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী এই শনিবারও স্কুল খোলা রাখার সব ধরনের প্রস্তুতি নিয়েছিল স্থানীয় শিক্ষা প্রশাসন, যা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়। এমনকি মিড ডে মিলের নির্দেশনায় ২২ মে থেকে খাবার বন্ধের কথা বলায় মাঠপর্যায়ে জটিলতা আরও বাড়ে।
কিন্তু শেষ মুহূর্তে শিক্ষকদের দাবির মুখে কর্তৃপক্ষ অবশেষে পূর্বের অবস্থান থেকে সরে এসেছে।এর ফলে আজ শনিবার থেকেই শিক্ষক ও শিক্ষার্থীরা টানা ১৫ দিনের গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি পাচ্ছেন। দীর্ঘ ছুটি শেষে আগামী ৭ জুন থেকে পুনরায় সব বিদ্যালয়ে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু করার তাগিদ দিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন