জুলাই ২, ২০২৬, ১০:৪৩ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুছ ছালাম মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষাঙ্গনে।
অধ্যাপক ড. এস এম আব্দুছ ছালাম ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি বিভাগের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তার লেখা বেশ কিছু গ্রন্থ ও প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। শিক্ষকতার পাশাপাশি তিনি রাবি আরবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মরহুমের অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন।
শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকর্মীদের মাঝেও তার মৃত্যুতে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন