সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:৫৪ এএম
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত সন্দেহে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ের রাজশাহী কার্যালয় থেকে জারি করা এক দপ্তরাদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া চার কর্মী হলেন মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দীন, মো. শফিকুল ইসলাম এবং মো. শাহানুর হোসেন। দপ্তর আদেশে উল্লেখ করা হয়, রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত সন্দেহে তাদের সাময়িক বরখাস্ত করা হলো।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চারজনকে কমান্ড্যান্টের কার্যালয়ে গিয়ে দৈনিক নিয়মিত হাজিরা দিতে হবে। এর আগে গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে নিজের স্বজনকে এগিয়ে আনতে গিয়ে রেলওয়ে কর্মীদের হাতে শারীরিক মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। মারধরের শিকার ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র আইয়ুব আলী। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই ক্যাম্পাসে ও সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
প্রথমে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না আসায় শিক্ষার্থীরা পরবর্তীতে সম্মিলিতভাবে `মার্চ টু রাজশাহী রেলস্টেশন` কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির অংশ হিসেবে বিপুলসংখ্যক শিক্ষার্থী স্টেশন চত্বরে গিয়ে অবস্থান নেন এবং ঘেরাও করে বিক্ষোভ চালান। ওই সময় স্টেশনের কিছু অংশে ভাঙচুরের ঘটনা ঘটে। আন্দোলনের একপর্যায়ে রেলওয়ে কর্তৃপক্ষ ওই চার কর্মীকে সাময়িক বরখাস্তের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়।
রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি)। রাকসু ভিপি উল্লেখ করেন, এর আগেও বিভিন্ন সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রেল কর্তৃপক্ষ বিভিন্ন সিদ্ধান্ত ঘোষণা করলেও পরবর্তীতে তা আর কার্যকর করেনি। চলমান বিক্ষোভ থামাতে এবারও তড়িঘড়ি করে এমন সিদ্ধান্ত নেওয়া হলো কি না এবং পরবর্তীতে তাদের আবার স্বপদে বহাল করা হবে কি না, তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে গভীর শঙ্কা রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ ও রাজশাহী স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত তিনি ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নেতাদের স্টেশনে অবস্থানের ডাক দিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন