আগস্ট ২১, ২০২৬, ০৫:০৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) দায়িত্ব নেওয়ার পর গত এগারো মাসে ক্যাম্পাসে অভাবনীয় পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তার দাবি, গত ১০৫ বছরের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত কম সময়ে এতো কাজ সম্পন্ন হয়নি। ক্যাম্পাসে বর্তমানে মারামারি, হানাহানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাহাজানির মতো অপরাধমূলক কর্মকাণ্ড প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে বলেও তিনি জানান।
পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিপি সাদিক কায়েম এই মন্তব্য করেন।শুক্রবার বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাদিক কায়েম ডাকসুর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের মতামত জানতে একাধিক জরিপ পরিচালনা করা হয়েছিল। সেই জরিপের তথ্যমতে, প্রায় ৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করে ডাকসু আসার পর ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। তিনি আরও বলেন, ক্যাম্পাসের মূল উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞানচর্চা, গবেষণা এবং নতুন প্রযুক্তি উদ্ভাবন—যা বর্তমান ডাকসু নিশ্চিত করার চেষ্টা করছে।
তরুণ প্রজন্মের নেতৃত্বের প্রতি গুরুত্বারোপ করে ভিপি সাদিক কায়েম বলেন, গত পঁয়ত্রিশ বছর ধরে দেশের নেতৃত্বে থাকা ব্যক্তিরা তরুণদের যেভাবে মূল্যায়ন করা প্রয়োজন ছিল, তা করতে ব্যর্থ হয়েছেন। তাদের অবহেলার কারণে শিক্ষার্থীরা যথাযথ স্বীকৃতি পাননি বলে তিনি মনে করেন। তিনি বলেন, শিক্ষার্থীরাই ডাকসুর কার্যক্রমকে সফল হিসেবে আখ্যায়িত করেছেন, যা তাদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। আয়োজকরা জানান, দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় তিনশতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। কৃতি এসব শিক্ষার্থীকে ক্রেস্ট, স্কুলব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়েছে। বিকেলের দ্বিতীয় পর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন