সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৪:৪৬ পিএম
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। চলমান এই আন্দোলনের মুখে কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর বা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। প্রশাসনের দীর্ঘদিনের নীরবতার প্রতীক হিসেবে সাধারণ শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে মিছিলে অংশ নেন। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণের সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। মিছিলটি চুয়েট চিকিৎসাকেন্দ্র সংলগ্ন প্রধান সড়ক হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। প্রশাসনের নীরবতার প্রতীক হিসেবে চোখে কালো কাপড় বাঁধেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই, জবাব চাই’, ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলেন। চলমান কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খাঁন জানান, টানা আট দিন ধরে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল উপায়ে এই ন্যায্য আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে।
কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ইতিবাচক কিংবা কার্যকর সাড়া মেলেনি। মূলত প্রশাসনের এই চরম উদাসীনতা ও নীরবতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতেই প্রতীকী প্রতিবাদ হিসেবে শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে রাজপথে নেমেছেন। সমাবেশ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন যে, ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দ্রুত উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন