রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

পাইরেসি আতঙ্কে সিয়ামের ‍‍`রাক্ষস‍‍` আসছে না সিঙ্গেল স্ক্রিনে

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২০, ২০২৬, ০৫:৫০ পিএম

পাইরেসি আতঙ্কে সিয়ামের ‍‍`রাক্ষস‍‍` আসছে না সিঙ্গেল স্ক্রিনে

সিয়ামের নতুন অবতার

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির মিছিলে থাকা সিয়াম আহমেদ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রাক্ষস’ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে এর প্রযোজনা সংস্থা। ট্রেলার এবং গান প্রকাশের পর দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা তৈরি হলেও শেষ মুহূর্তে সিনেমাটি নিয়ে একটি কৌশলগত সংকট দেখা দিয়েছে। 

দেশের প্রান্তিক পর্যায়ের হল মালিকদের পক্ষ থেকে বড় অঙ্কের রেন্টাল বা হল বুকিং মানির প্রস্তাব থাকা সত্ত্বেও পাইরেসি বা অবৈধভাবে ভিডিও ধারণের আশঙ্কায় সিঙ্গেল স্ক্রিনগুলোতে ছবিটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’।

সিনেমা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটির জন্য দেশের বিভিন্ন অঞ্চলের সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে আকর্ষণীয় বাণিজ্যিক প্রস্তাব আসছিল। 

বিশেষ করে জনপ্রিয় অভিনেতা সিয়ামের নতুন ‘রাক্ষস’ অবতার দেখার জন্য গ্রাম-গঞ্জের সাধারণ দর্শকদের ব্যাপক আগ্রহ থাকায় হল মালিকরা সিনেমাটি প্রদর্শন করতে মুখিয়ে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে বড় বাজেটের বিভিন্ন সিনেমা সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শনের সময় মোবাইল ফোনে ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এই ধরনের পাইরেসি ঠেকাতেই কঠোর অবস্থান নিয়েছে প্রযোজনা সংস্থাটি।

রিয়েল এনার্জি প্রোডাকশন সংবাদমাধ্যমকে জানিয়েছে যে সিনেমার মান ও বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতেই তারা আপাতত মাল্টিপ্লেক্স কেন্দ্রিক মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে পাইরেসির কারণে সিনেমার একটি বিশাল অংশের দর্শক হলবিমুখ হয়ে পড়েন যা সামগ্রিক চলচ্চিত্রের ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি বয়ে আনে। তবে মুক্তির প্রথম দুই সপ্তাহ পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। 

এই সিনেমায় সিয়াম আহমেদকে সম্পূর্ণ ভিন্ন এক লুকে দেখা যাবে যেখানে তিনি ‘রাক্ষস’ ও ‘শুদ্ধ’ নামক দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। সিয়ামের বিপরীতে ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনয় করেছেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউড অভিনেতা শাতাফ ফিগার ও কলকাতার শ্যাম ভট্টাচার্য্য। সিনেমার গান ও ট্রেলার এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।