মার্চ ২৬, ২০২৬, ১১:০১ পিএম
বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কালজয়ী কণ্ঠশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা সংগীতব্যক্তিত্ব মাহবুবা রহমান আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই প্রবীণ শিল্পীর বয়স হয়েছিল ৮৪ বছর।
বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতার কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে তার পারিবারিক সূত্র এবং হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তার প্রয়াণে দেশের সাংস্কৃতিক ও সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মাহবুবা রহমান ছিলেন পঞ্চাশ থেকে সত্তরের দশকের রেডিও এবং চলচ্চিত্রের এক অবিস্মরণীয় নাম। ১৯৪৭ সালে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র থেকে তার সংগীত সফরের আনুষ্ঠানিক সূচনা ঘটে। মূলত পল্লিগীতি ও আধুনিক গানে তার অসামান্য দক্ষতা তাকে দ্রুত শ্রোতাপ্রিয় করে তোলে।
তবে তিনি ইতিহাসের পাতায় স্থায়ী নাম লেখান ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত এ দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর মাধ্যমে। সংগীত পরিচালক সমর দাসের সুরে এই ছবিতে তার গাওয়া ‘মনের বনে দোলা লাগে’ গানটি আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।ব্যক্তিগত জীবনে মাহবুবা রহমান প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সংগীতজ্ঞ খান আতাউর রহমানের সহধর্মিণী ছিলেন। তাদের সংসারে বিশিষ্ট সংগীতশিল্পী রুমানা ইসলামসহ তিন সন্তান রয়েছে। এর আগে ১৯৫০ সালে আবুল হাসনাতের সঙ্গে তার প্রথম বিয়ে হলেও পরে তা বিচ্ছেদ ঘটে।
সেই ঘরের ছোট ছেলে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। মাহবুবা রহমানের দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন। যার মধ্যে আসিয়া, এ দেশ তোমার আমার, নবাব সিরাজউদ্দৌলা, সূর্যস্নান এবং সাত ভাই চম্পার মতো কালজয়ী চলচ্চিত্রগুলো উল্লেখযোগ্য। গুণী এই শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন