মে ৯, ২০২৬, ০৩:১৯ পিএম
দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার নগরজীবনের রুক্ষ বাস্তবতার গল্প নিয়ে রূপালি পর্দায় ফিরছেন। ‘ভয়ংকর সুন্দর’ দিয়ে রূপালি পর্দায় নিজের জাত চেনানো এই অভিনেত্রী এখন ক্যারিয়ারের দারুণ এক সময় পার করছেন। একদিকে মস্কোর আন্তর্জাতিক মঞ্চে নিজের নাম খোদাই করা, আর অন্যদিকে নতুন সিনেমার চমক—সব মিলিয়ে ভাবনার ক্যারিয়ারে যেন এখন বসন্তের হাওয়া বইছে।
শহরতলীর প্রেম, বিচ্ছেদ আর বেঁচে থাকার অদম্য সংগ্রামের আখ্যান নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘ঢাকা ১২০৫’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ভাবনা। সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা ওয়ালিদ আহমেদ। এই সিনেমায় ভাবনার বিপরীতে অভিনয় করছেন নবাগত রাকিব হোসেন।
নতুন সিনেমা প্রসঙ্গে ভাবনা জানান, ‘ঢাকা ১২০৫’-এর কাজ ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে। সিনেমার আশি শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে একটি গান ও কিছু ডাবিংয়ের কাজ বাকি আছে। ভাবনা বলেন, “আমরা চেষ্টা করছি সুন্দর একটি সময়ে চলচ্চিত্রটি সবার সামনে নিয়ে আসতে। ঢাকার ভেতরের না বলা গল্পগুলো এখানে উঠে আসবে।”
সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন স্থানে। এতে ঢাকার অন্দরজীবনের নানা অচেনা বাস্তবতা এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে বড় পর্দায় তুলে ধরা হয়েছে।সিনেমাটি নিয়ে নির্মাতা ওয়ালিদ আহমেদ বলেন, “ভাবনা ও রাকিবের খুনসুটি এবং সম্পর্কের রসায়ন পুরো সিনেমাজুড়ে দর্শক দেখতে পাবেন। আমরা চেষ্টা করেছি ঢাকার একেবারে ভেতরের গল্পকে সিনেমার ভাষায় তুলে ধরতে। এই শহরের মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও অদেখা বাস্তবতা মিলিয়ে ‘ঢাকা ১২০৫’ দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হবে।
ভাবনার কাজের প্রতি একাগ্রতার প্রশংসা করে নির্মাতা আরও বলেন, “ভাবনা অত্যন্ত নিবেদিত একজন শিল্পী। প্রচণ্ড রোদের মধ্যেও তিনি ক্লান্তিহীনভাবে শুটিং চালিয়ে গেছেন। অন্যদিকে, নবাগত রাকিবও যেকোনো চরিত্রে নিজেকে দ্রুত মানিয়ে নিতে পারদর্শী।” বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। খুব শীঘ্রই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভাবনা এই সিনেমার ডাবিংয়ের প্রস্তুতি নিচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন