মে ২৭, ২০২৬, ১০:৪১ এএম
কোক স্টুডিও বাংলার নতুন সিজনে মুক্তি পেয়েছে দুই ভিন্ন দেশের অভিন্ন সুরের মেলবন্ধন `রুমঝুম`। তুরস্কের কালজয়ী লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ এবং কবি কাজী নজরুল ইসলামের মূল রচনা ও সুরের মিশ্রণে তৈরি হয়েছে এই গান। দূর দেশের যে সুর একদা নজরুলকে অনুপ্রাণিত করেছিল, তা এবার বর্ষার আবহে নতুন রূপ পেয়েছে।
গানটি শ্রোতাদের মাঝে এক অন্যরকম শিহরণ জাগিয়েছে।এই গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের মাহতিম শাকিব ও নুসরাত জাহান। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন তুরস্কের শিল্পী হানদে চেভগেল ও মুস্তাফা ইপেক।
হানদে গান গাওয়ার পাশাপাশি তানবুর বাজিয়েছেন এবং মুস্তাফা কানুন বাদ্যযন্ত্রের সাথে কণ্ঠ দিয়েছেন। শুভেন্দু দাস শুভর সংগীত পরিচালনায় তুর্কি লোকজ সুর আর বাংলা বর্ষার আবহ এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে।পুরো সিজনটির কিউরেশন ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন শায়ান চৌধুরী অর্ণব।
ভিডিওচিত্রটি পরিচালনা করেছেন তানভীর আহসান, যেখানে অভিনয় করেছেন রওনক হাসান ও সৈয়দা সাদিয়া মেহজাবিনসহ আরও অনেকে। ভিজ্যুয়াল ও অডিওর এই সমন্বয়কে শ্রোতারা ‘রিয়েল ম্যাজিক’ হিসেবে আখ্যা দিচ্ছেন। দুই দেশের সুর ও ভাষার এই মেলবন্ধন কোক স্টুডিও বাংলার ঝুলিতে আরেকটি অনন্য কাজ হিসেবে যুক্ত হলো।
স্মৃতির দরজায় কড়া নাড়া এক সুরের গল্প ফুটে উঠেছে এই গানে।বাংলায় বৃষ্টি মানেই পুনর্মিলন আর না-বলা কথার প্রকাশ। সেই অনুভূতিকেই নূপুরের শব্দের মতো রুমঝুম ছন্দে বন্দি করা হয়েছে এই সৃষ্টিতে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন