জুলাই ২৬, ২০২৬, ১১:০৯ এএম
ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগময় গল্প নিয়ে নতুন গান প্রকাশ করেছে জনপ্রিয় সংগীত আয়োজন ‘কোক স্টুডিও বাংলা’। চলমান চতুর্থ মৌসুমের তৃতীয় পরিবেশনা হিসেবে গত শনিবার রাতে `পাতার বাঁশরি` শিরোনামের গানটি আনুষ্ঠানিকভাবে শ্রোতাদের সামনে আনা হয়েছে।গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী ইশান ও সুনিধি নায়েক।
‘পাতার বাঁশরি’ গানটির কথা ও সুর তৈরি করেছেন ইশান নিজেই। পুরো গানটির আবহ ও সংগীত পরিচালনা করেছেন খ্যাতনামা সংগীতপ্রযোজক আদিত রহমান। গানে একজন প্রেমিকের প্রিয় মানুষের বাঁশির সুরে আকুল হওয়ার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। কাছে আসার ব্যাকুলতা, দূরে সরে যাওয়ার চেষ্টা এবং শেষ পর্যন্ত ভালোবাসার কাছেই ফিরে আসার চিরন্তন অনুভূতি ফুটে উঠেছে এই পরিবেশনায়।
গানটির মিউজিক ভিডিওতে বিশেষ নজর কেড়েছে এর দৃশ্য ধারণ ও নির্মাণশৈলী। নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁও এলাকায় সম্পূর্ণ ভিডিওচিত্রটি ধারণ করা হয়েছে। সেখানে প্রাচীন স্থাপত্য ও প্রাকৃতিক পরিবেশ গানের বিরহ ও গভীর আবেগের সঙ্গে চমৎকার সামঞ্জস্য তৈরি করেছে।
বর্তমানে গানটি কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শুনছেন সংগীতপ্রেমীরা। প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শ্রোতাদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছে গানটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন