শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

না ফেরার দেশে ভারতীয় কিংবদন্তি কণ্ঠশিল্পী এস জানকী

বিনোদন ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ১২:৪৮ পিএম

না ফেরার দেশে ভারতীয় কিংবদন্তি কণ্ঠশিল্পী এস জানকী

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী এবং নাইটিঙ্গল অব সাউথ ইন্ডিয়া হিসেবে পরিচিত এস জানকী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। জানকী আম্মা নামেও ভক্তদের কাছে তিনি ব্যাপক পরিচিত ছিলেন।

শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে ভারতের মাইসুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি বয়সজনিত নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নাতনি অপ্সরা ভাইদুলা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি।

ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তি এই শিল্পীর কর্মজীবন ছয় দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল। এই দীর্ঘ সময়ে তিনি তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন। এই বিশাল সংখ্যক গানের মাধ্যমে তিনি ভারতের অন্যতম সর্বাধিক গান গাওয়া প্লেব্যাক শিল্পী হিসেবে স্বীকৃতি অর্জন করেছিলেন।

এস জানকীর প্রয়াণে ভারতসহ বিশ্বের সংগীতানুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাকে হারিয়ে সংগীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো বলে মনে করছেন তার সহকর্মী ও ভক্তরা। তার গাওয়া কালজয়ী গানগুলো চিরকাল সংগীতপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে। জানাজার বিষয়ে এবং তার মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর স্থান ও সময়ের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।