রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চার বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:৫৩ পিএম

চার বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব

ছবি - সংগৃহীত

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব গত চার বছরে কনটেন্ট ক্রিয়েটর, শিল্পী ও মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ পরিশোধ করেছে। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) নিউইয়র্ক সিটিতে আয়োজিত বার্ষিক ‘মেইড অন ইউটিউব’ ইভেন্টে অ্যাপটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

চলতি বছর ২০ বছরে পা রেখেছে ইউটিউব। প্ল্যাটফর্মটি জানিয়েছে, এতে ২০ বিলিয়নের বেশি ভিডিও রয়েছে—যা গান, শর্টস, পডকাস্টসহ বিভিন্ন ধরনের কনটেন্ট। এসব ভিডিওর ভিউয়ের ওপর ভিত্তি করেই নির্মাতাদের এই বিশাল পরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, যেসব চ্যানেলের আয় টিভি স্ক্রিন থেকে বছরে ১,০০,০০০ ডলারের বেশি, গত বছরের তুলনায় সেই চ্যানেলের সংখ্যা ৪৫% বৃদ্ধি পেয়েছে।

ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার জোহানা ভুলিচ বলেন, "এই ক্রিয়েটররা এমনভাবে সংস্কৃতি ও বিনোদনকে গড়ে তুলছেন যা আগে কখনও কল্পনা করা যায়নি।"

এই মাইলফলকটি এমন এক সময়ে অর্জিত হলো যখন গুগল-মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি তার ২০তম বার্ষিকী পালন করছে এবং বিশ্বের অন্যতম লাভজনক মিডিয়া ব্যবসা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।