রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অ্যান্ড্রয়েডে ইউটিউবের নতুন ইন্টারফেস, ব্যবহার আরও সহজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৩:১৮ পিএম

অ্যান্ড্রয়েডে ইউটিউবের নতুন ইন্টারফেস, ব্যবহার আরও সহজ

ব্যবহারকারীদের আরও সহজ ও সুন্দর অভিজ্ঞতা দিতে ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট 'নাইন টু ফাইভ' জানিয়েছে, ইউটিউব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি নতুন ইন্টারফেস চালু করেছে। এই আপডেটে অ্যাপের আইকন ও মেনু ডিজাইন আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করা হয়েছে। আইকনগুলো আগের চেয়ে মোটা এবং স্পষ্ট করা হয়েছে, যা ব্যবহারকারীদের অ্যাপটি চালাতে সহজ অভিজ্ঞতা দেবে।

নতুন এই ইন্টারফেসে ভিডিও প্লেয়ারের বাটন ও আইকনগুলোতেও পরিবর্তন আনা হয়েছে। এগুলোকে প্রায় স্বচ্ছ রাখা হয়েছে, যেন ভিডিও দেখার সময় বাটনগুলো কনটেন্টের ওপর ভেসে থাকলেও দর্শকের মনোযোগে কোনো ব্যাঘাত না ঘটে।ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করতে যুক্ত করা হয়েছে নতুন অ্যানিমেশন। এখন থেকে 'লাইক' বাটনে ট্যাপ করলে ভিডিওর ধরন অনুযায়ী বিশেষ অ্যানিমেশন দেখা যাবে। উদাহরণস্বরূপ, কোনো গানের ভিডিও লাইক করলে মিউজিক নোট অ্যানিমেশন এবং কোনো ভিডিও প্লে-লিস্টে যোগ করলে ভিন্ন একটি অ্যানিমেটেড প্রতিক্রিয়া দেখা যাবে।

শুধু ডিজাইন নয়, পরিবর্তন এসেছে কমেন্ট সেকশনেও। নতুন ইন্টারফেসে মতামত বিভাগকে 'থ্রেডভিত্তিক' করা হয়েছে। এর ফলে প্রতিটি মন্তব্যের নিচের উত্তরগুলো সহজে দেখা যাবে এবং আলোচনাগুলো আরও পরিষ্কার ও সংগঠিত থাকবে।এই নতুন ইন্টারফেসটি ব্যবহার করতে গুগল প্লেস্টোর থেকে ইউটিউব অ্যাপের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড বা আপডেট করতে হবে। ইউটিউব জানিয়েছে, নতুন ডিজাইন যদি কোনো ব্যবহারকারীর পছন্দ না হয়, তবে তিনি সরাসরি অ্যাপের মাধ্যমেই এ বিষয়ে মতামত পাঠাতে পারবেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পেলেও আইফোন ব্যবহারকারীদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। শিগগিরই আইফোনের জন্যও নতুন ইন্টারফেসযুক্ত ইউটিউব অ্যাপ চালু করা হবে বলে জানা গেছে।