মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

তারা আমাদের দমাতে পারবে না : ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৩৬ পিএম

তারা আমাদের দমাতে পারবে না : ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলাকে ইতিহাসের ‘সবচেয়ে বাজে আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। শনিবার (৩ জানুয়ারি) স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এই পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দেন।

একই সাথে জাতীয় ঐক্যের ভিত্তিতে এই আগ্রাসনের বিরুদ্ধে সব নাগরিককে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো বলেন, তারা আমাদের ওপর আক্রমণ করেছে কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না। ভেনেজুয়েলা মাদুরোর নির্দেশ অনুসরণ করছে এবং সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে শনিবার স্থানীয় সময় রাত ২টায় রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগওয়া এবং লা গুয়াইরা রাজ্যের বিভিন্ন স্থাপনা শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে। হামলার পরপরই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে ‘জাতীয় জরুরি অবস্থা’ জারি করেছেন।ভেনেজুয়েলা সরকারের দাবি, দেশটির তেল ও খনিজ সম্পদ দখল করার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র এই সামরিক আগ্রাসন শুরু করেছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ডেল্টা ফোর্সের এক অভিযানে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে মাদুরো সরকারকে এখনো সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানাতে দেখা যাচ্ছে এবং দেশটির সশস্ত্র বাহিনী মোতায়েনের ঘোষণা এই উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মাদুরোকে তুলে নেওয়ার বিষয়টি কারাকাস এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।