মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

সংবাদ সম্মেলন ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৭:২৫ পিএম

সংবাদ সম্মেলন ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলার ওপর ‘বড় ধরনের সামরিক হামলা’ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের ঘটনার বিস্তারিত জানাতে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তাঁর নিজস্ব রিসোর্ট মার-এ-লাগোতে (Mar-a-Lago) স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এর আগে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক চাঞ্চল্যকর পোস্টে দাবি করেন।

মার্কিন সামরিক বাহিনীর বিশেষ ইউনিট ‘ডেল্টা ফোর্স’ সফলভাবে ভেনেজুয়েলায় অভিযান পরিচালনা করেছে। অভিযানে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে ইতিমধ্যে ভেনেজুয়েলার বাইরে নিয়ে আসা হয়েছে।

ট্রাম্প একে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় পরিচালিত একটি ‘সাফল্যমণ্ডিত বড় পরিসরের অভিযান’ হিসেবে অভিহিত করেছেন।এদিকে, ভেনেজুয়েলা সরকার এই হামলাকে ‘সরাসরি সামরিক আগ্রাসন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে। কারাকাসের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীসহ মিরান্ডা, আরাগওয়া এবং লা গুয়াইরা অঙ্গরাজ্যের সামরিক ও বেসামরিক স্থাপনায় মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

প্রেসিডেন্ট মাদুরো ইতিমধ্যে দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ভেনেজুয়েলা সরকারের দাবি, দেশটির খনিজ সম্পদ ও তেল ভাণ্ডার দখলের উদ্দেশ্যেই এই বর্বর আক্রমণ শুরু করেছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে দক্ষিণ আমেরিকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী সংবাদ সম্মেলনের দিকে নজর রয়েছে সবার।