মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

মাদুরোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রসঙ্গে যা বললেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৮:১০ পিএম

মাদুরোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রসঙ্গে যা বললেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের দক্ষিণ জেলা আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। শনিবার (৩ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক বিবৃতিতে জানান, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাসবাদ (Narco-terrorism), কোকেন আমদানি মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নাশকতামূলক ষড়যন্ত্রের’ মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "তারা (মাদুরো ও তাঁর স্ত্রী) শিগগিরই আমেরিকার মাটিতে, আমেরিকান আদালতে আমেরিকান ন্যায়বিচারের মুখোমুখি হবেন।

পাম বন্ডি আরও উল্লেখ করেন, মার্কিন সেনাবাহিনীর ‘সাহসী’ সদস্যরা এই দুই আন্তর্জাতিক মাদক পাচারকারীকে ধরার জন্য এক অবিশ্বাস্য ও অত্যন্ত সফল অভিযান পরিচালনা করেছে। তবে মাদুরোর স্ত্রীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে আটক করে ইতিমধ্যে মার্কিন হেফাজতে নিয়ে আসা হয়েছে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে লাতিন আমেরিকার রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।