বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইরানে হামলা নিয়ে যা বললো রাশিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:৪০ পিএম

ইরানে হামলা নিয়ে যা বললো রাশিয়া

রুশ নেতার কড়া হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ মনে করেন, ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার বিষয়টি ছিল মূলত সামরিক অভিযানের একটি সুকৌশলী আড়াল। 

ওয়াশিংটন বিশ্ববাসীকে শান্তির বার্তা দিলেও পর্দার আড়ালে তারা যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছিল বলে দাবি করেছেন এই প্রভাবশালী রুশ নেতা।মেদভেদেভ যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করে বলেন যে তথাকথিত শান্তিরদূতরা আরও একবার তাদের প্রকৃত রূপ বিশ্ববাসীর সামনে উন্মোচিত করেছে। 

তার মতে, ইরানের সঙ্গে গত কয়েক মাস ধরে চলা সব ধরনের কূটনৈতিক আলোচনা ছিল কেবল সামরিক অভিযানকে আড়াল করার একটি কৌশল। প্রকৃতপক্ষে কোনো পক্ষই সংঘাত এড়াতে বা কোনো কার্যকর সমঝোতায় পৌঁছাতে আগ্রহী ছিল না। 

এই হামলা প্রমাণ করে যে কূটনৈতিক আলোচনার আড়ালে একটি বড় ধরনের অভিযানের পরিকল্পনা অনেক আগে থেকেই চূড়ান্ত করা হয়েছিল এবং এ নিয়ে কারো কোনো সংশয় থাকা উচিত নয়।রাশিয়ার এই কড়া প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের সংকটকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মেদভেদেভের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা এখন বড় প্রশ্নের মুখে পড়েছে। 

মস্কো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং একতরফা কোনো সামরিক পদক্ষেপ কখনোই কাম্য নয়। এদিকে সংঘাত আরও ছড়িয়ে পড়লে তা বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে রাশিয়ার কৌশলগত অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা চলছে।

সূত্র: আল জাজিরা