বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৫, ২০২৬, ১১:২৩ এএম

রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনে নিহত ৪

কিয়েভে রুশ হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। চার বছরের চলমান যুদ্ধে এটিকে অন্যতম বড় হামলার ঘটনা হিসেবে দেখা হচ্ছে।রোববার ভোররাতজুড়ে কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

আতঙ্কিত বাসিন্দারা মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। দিনের আলো ফুটতেই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। হামলায় শপিং সেন্টার, স্কুল, বিশ্ববিদ্যালয় ও জাদুঘরসহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রাশিয়া এই হামলায় হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম হলেও ক্ষেপণাস্ত্রে কোনো ওয়ারহেড ছিল না।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে পূর্ব ইউক্রেনে হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন। 

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, হামলায় প্রায় ৬০০ ড্রোন ও ৯০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ৫৪৯টি ড্রোন ও ৫৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। ইউরোপীয় নেতারা এই হামলার নিন্দা জানিয়ে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সহায়তার আহ্বান জানিয়েছেন।ইউক্রেন সম্প্রতি রুশ নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন হামলা জোরদার করেছে।

মস্কো দাবি করেছে, তারা ইউক্রেনীয় সামরিক কমান্ড পোস্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে কিয়েভের প্রতিটি জেলাতেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হামলায় আলবেনিয়ার রাষ্ট্রদূতের বাসভবন এবং জার্মান সংবাদমাধ্যম এআরডি ও ডয়চে ভেলের অফিসও ক্ষতিগ্রস্ত হয়েছে। খেরসনসহ অন্যান্য অঞ্চলেও গোলাবর্ষণে আরও হতাহতের ঘটনা ঘটেছে।ইউক্রেনীয় কর্তৃপক্ষ বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র সমালোচনা করেছে।

তথ্যসূত্র: