মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

উদ্ধার হওয়া মার্কিন কর্নেলের অবস্থা জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৫, ২০২৬, ১০:৪৫ এএম

উদ্ধার হওয়া মার্কিন কর্নেলের অবস্থা জানালেন ট্রাম্প

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের পর তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান উদ্ধার হওয়া ওই সামরিক কর্মকর্তা একজন কর্নেল পদমর্যাদার অফিসার। ট্রাম্প দাবি করেন ওই কর্নেল বর্তমানে আহত অবস্থায় থাকলেও তিনি দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। 

যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর থেকেই ওই কর্মকর্তার অবস্থান নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা চলছিল যা ট্রাম্পের এই ঘোষণার মধ্য দিয়ে নতুন মোড় নিল।হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানান মার্কিন সামরিক বাহিনী ওই কর্মকর্তার অবস্থান সম্পর্কে অত্যন্ত সচেতন ছিল।

 পাইলটের গতিবিধির ওপর ২৪ ঘণ্টা কড়া নজরদারি রাখা হয়েছিল এবং তাঁকে উদ্ধারের জন্য দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে একটি নিঁখুত পরিকল্পনা সাজানো হয়। ট্রাম্পের মতে এই উদ্ধার অভিযানটি ছিল অত্যন্ত জটিল কিন্তু চূড়ান্তভাবে সফল। 

নিখোঁজ পাইলটকে উদ্ধারের এই খবর মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।উদ্ধার অভিযানে ব্যবহৃত শক্তির বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত ডজনখানেক আধুনিক যুদ্ধবিমান পাঠিয়েছিল ওই নির্দিষ্ট এলাকাটিতে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে এই ঝুঁকিপূর্ণ অভিযানে কোনো আমেরিকান নাগরিক বা সেনা সদস্যের প্রাণহানি ঘটেনি। এমনকি অভিযানে অংশ নেওয়া কোনো সৈনিক সামান্য আহতও হননি বলে তিনি সরাসরি দাবি করেন। অত্যন্ত গোপনীয়তা এবং সক্ষমতার সাথে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প আরও যোগ করেন যে এই দুটি সফল অভিযানের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে যে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের পূর্ণ শ্রেষ্ঠত্ব ও আধিপত্য বজায় রয়েছে। তিনি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে দাবি করেন আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব এখন প্রশ্নাতীত। এই উদ্ধার অভিযানকে তিনি মার্কিন সামরিক সক্ষমতার এক বিশাল বিজয় হিসেবে অভিহিত করেছেন। 

এর আগে গত কয়েক দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আকাশসীমায় আধিপত্য নিয়ে যে উত্তেজনা চলছিল ট্রাম্পের এই বক্তব্য সেই পারদকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বর্তমানে উদ্ধার হওয়া সেই কর্নেলকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।