এপ্রিল ৮, ২০২৬, ১০:৩৬ এএম
পাকিস্তানের মধ্যস্থতায় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির রেশ কাটতে না কাটতেই আবারও অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতির ঘোষণা ও তেলের বাজারে দাম কমার স্বস্তির মাঝেই বুধবার ভোরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘চ্যানেল ১২’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে। কূটনৈতিক মহলে যখন স্থায়ী শান্তির পথ খোঁজা হচ্ছিল, ঠিক তখনই এই হামলা নতুন করে যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে যে বুধবার ভোরে ইরানের বিভিন্ন কৌশলগত স্থানে এই বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি ইরান থেকে এখনো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রয়েছে। এই ধারাবাহিক হামলার জবাবেই মূলত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত স্থাপনা ও সংশ্লিষ্ট সামরিক সরঞ্জামগুলো লক্ষ্য করে এই পাল্টা আঘাত হানা হয়েছে।
যদিও সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের অন্যতম শর্ত ছিল হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পাল্টাপাল্টি হামলা বন্ধ রাখা, কিন্তু মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধবিরতির ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের এই হামলা চলমান শান্তি প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলে দিতে পারে।
যেখানে আগামী দুই সপ্তাহের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের উচ্চপর্যায়ের বৈঠকে বসার কথা ছিল, সেখানে এই সামরিক তৎপরতা আস্থার সংকট তৈরি করবে। ট্রাম্পের ‘বিজয়’ দাবির কয়েক ঘণ্টার মাথায় হওয়া এই হামলা হোয়াইট হাউসের জন্যও একটি বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তেহরানের পক্ষ থেকে এই হামলার প্রতিক্রিয়ায় এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
তথ্যসূত্র: রয়টার্স


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন