এপ্রিল ১৬, ২০২৬, ০৩:৪৮ পিএম
ইরানে টানা ৪৮ দিন ধরে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, যা আধুনিক বিশ্বের ইতিহাসে অন্যতম দীর্ঘতম ডিজিটাল ব্ল্যাকআউট হিসেবে চিহ্নিত হচ্ছে। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ‘নেটব্লকস’ (NetBlocks) তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে ইতিমধ্যে ১ হাজার ১২৮ ঘণ্টা ধরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।
এই পরিস্থিতির ফলে ইরানের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং জরুরি তথ্য আদান-প্রদান মারাত্মকভাবে ভেঙে পড়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারি মাসের শুরুর দিকে ইরানে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে প্রাথমিক পর্যায়ে ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।
তবে পরিস্থিতির অবনতি ঘটে ফেব্রুয়ারির শেষ দিকে, যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্মিলিত সামরিক অভিযান বা যুদ্ধ শুরু হয়। সেই সময় থেকেই ডিজিটাল এই অবরোধ ‘ব্ল্যাকআউটে’ রূপ নেয় এবং তা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে।
নেটব্লকস জানিয়েছে, এই দীর্ঘকালীন ব্ল্যাকআউট শুধু সাধারণ যোগাযোগ নয়, বরং দেশটির ব্যাংকিং সেবা, শিক্ষা কার্যক্রম এবং চিকিৎসাসংক্রান্ত জরুরি যোগাযোগকেও পঙ্গু করে দিয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতির দোহাই দিয়ে তথ্যপ্রবাহের ওপর এমন কঠোর বিধিনিষেধকে নজিরবিহীন এবং মানবাধিকারের লঙ্ঘন হিসেবে দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। বহির্বিশ্বের সঙ্গে ইরানের যোগাযোগ এখন প্রায় শূন্যের কোঠায়।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের ময়দানে কী ঘটছে তা বাইরের পৃথিবীকে জানতে না দেওয়ার একটি কৌশল হিসেবে এই ইন্টারনেট বন্ধকে ব্যবহার করা হচ্ছে। তবে এর চরম মূল্য দিতে হচ্ছে দেশটির সাধারণ নাগরিকদের, যারা এখন না পারছেন স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে, না পারছেন সঠিক তথ্য পেতে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কবে নাগাদ ইরানে ইন্টারনেট সংযোগ সচল হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য মেলেনি।
সূত্র: আল-জাজিরা


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন