মে ২, ২০২৬, ১০:৫৯ এএম
পারস্য উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির দক্ষিণ উপকূলবর্তী জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়।
আইআরজিসি নৌবাহিনীর কমান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তারা আরব উপসাগর ও হরমুজ প্রণালি জুড়ে বিস্তৃত ইরানের প্রায় ২ হাজার কিলোমিটার দীর্ঘ উপকূলরেখার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।
এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো জলসীমাকে ইরানের জনগণের জন্য শক্তি ও গর্বের উৎস এবং এই অঞ্চলের জন্য সমৃদ্ধি ও নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে পরিণত করা।সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বক্তব্যে জানান, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই পারস্য উপসাগরীয় অঞ্চল একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোচ্ছে।
তেহরান এই গুরুত্বপূর্ণ পানিপথে ‘শত্রুর অপব্যবহার’ নির্মূল করতে কাজ করে যাবে এবং উপসাগরীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে বলেও তিনি উল্লেখ করেন।বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ। এই এলাকায় ইরানের সামরিক নিয়ন্ত্রণ বৃদ্ধির ঘোষণা আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে দেওয়া বার্তাটি পশ্চিমা বিশ্বের প্রতি তেহরানের কঠোর অবস্থানেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।ইরানের এই নতুন উপকূলীয় পরিকল্পনার অধীনে পারস্য উপসাগর ও ওমান সাগরের সংযোগস্থলে আইআরজিসি নৌবাহিনীর নজরদারি ও টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। তেহরান মনে করছে, বিদেশি শক্তির উপস্থিতি ছাড়াই এই অঞ্চলের দেশগুলো সম্মিলিতভাবে সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতে সক্ষম।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন