বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে, ফল ঘোষণা কখন?

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩, ২০২৬, ১১:২৬ এএম

পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে, ফল ঘোষণা কখন?

ভোট দিয়েছেন ভোটাররা

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দুই দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন সবার নজর আগামীকাল সোমবারের (৪ মে) চূড়ান্ত ফলাফলের দিকে। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও বিরোধী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।রোববার (৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

 এতে দ্বিতীয় ও শেষ দফার ভোটে রেকর্ড ৯২ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে। এর আগে প্রথম দফায় ভোটের হার ছিল ৯২ দশমিক ৮৮ শতাংশ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে দুই দফাতেই এমন সর্বোচ্চ ভোটদানের হার রেকর্ড হয়েছে।

নির্বাচনের পর অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনঃভোটের নির্দেশ দিয়েছে। এর মধ্যে মাগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে ৪টি বুথ রয়েছে। 

এ ছাড়া উত্তর ২৪ পরগনায় পুনঃভোট চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও খবর পাওয়া গেছে।আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গসহ আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির নির্বাচনের ফল ঘোষণা শুরু হবে। প্রথমে ডাকযোগে প্রাপ্ত ব্যালট গণনা করা হবে এবং এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম গণনা শুরু হবে। তবে ফলতা কেন্দ্রের ফল ২৪ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।বিভিন্ন বুথফেরত জরিপ বা এক্সিট পোলে পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। 

বেশিরভাগ জরিপ অনুযায়ী, শাসক দল তৃণমূলের তুলনায় বিজেপি কিছুটা এগিয়ে থাকতে পারে। অধিকাংশ সমীক্ষায় বামফ্রন্টকে খুবই কম আসন পাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে। তবে এই প্রবণতার বাইরে গিয়ে ‘পিপলস পালস’ একটি ভিন্ন পূর্বাভাস দিয়েছে। এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে ১৭৭ থেকে ১৮৭টি আসন দিয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেখানো হয়েছে। সেখানে বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, বিভিন্ন পূর্বাভাসে বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা ৯৫ থেকে ১৭০-এর মধ্যে ওঠানামা করছে। রেকর্ড পরিমাণ ভোটদান এবং বুথফেরত জরিপের এমন বিপরীতধর্মী পূর্বাভাসের কারণে সোমবারের ফলাফল নিয়ে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।