মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি: আসছে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৬, ০৯:৪১ এএম

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি: আসছে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’

হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘ভিন্ন পথে’ হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যদি কূটনৈতিক প্রচেষ্টা সফল না হয়, তবে তাঁর প্রশাসন ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ শুরু করবে।

ট্রাম্প বলেন, “সব কিছু ঠিকভাবে না এগোলে আমরা আবার প্রজেক্ট ফ্রিডমে ফিরে যেতে পারি। তবে সেটি হবে প্রজেক্ট ফ্রিডম প্লাস। অর্থাৎ আগের প্রজেক্টের সঙ্গে আরও কিছু নতুন ও শক্তিশালী পদক্ষেপ যোগ হবে।” তবে অতিরিক্ত পদক্ষেপগুলো ঠিক কী হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

উল্লেখ্য, গত ৩ মে ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ অভিযানের ঘোষণা দিয়েছিলেন। এর প্রধান উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা করা। 

তবে পাকিস্তানসহ কয়েকটি মিত্র দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় অগ্রগতির প্রেক্ষাপটে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযানটি স্থগিত করা হয়।প্রেসিডেন্টের এই নতুন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘প্লাস’ শব্দটির মাধ্যমে ট্রাম্প ইরানের ওপর আরও কঠোর সামরিক বা অর্থনৈতিক চাপ তৈরির ইঙ্গিত দিয়েছেন।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির উত্তরণ ঘটাতে আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা আলোচনা শুরু হতে পারে। তবে এই আলোচনার কাঠামো, প্রতিনিধিদলের স্তর ও আলোচ্যসূচি নিয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।শাফাক নিউজের বরাতে জানা গেছে, ওয়াশিংটন এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখলেও ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’-এর হুমকি মূলত ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি অংশ হতে পারে। এখন বিশ্ববাসীর নজর আগামী সপ্তাহের ইসলামাবাদ আলোচনার দিকে।