মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

ইরানি জাহাজে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৬, ১০:২৪ এএম

ইরানি জাহাজে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি আইআরজিসির

পারস্য উপসাগর বা এর বাইরে ইরানি ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজের ওপর যেকোনো হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানি কোনো জাহাজ আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং শত্রু জাহাজগুলোকে লক্ষ্য করে চূড়ান্ত হামলা চালানো হবে। হরমুজ প্রণালির কৌশলগত জলসীমার নিরাপত্তা ও বৈধ বাণিজ্যিক নৌবহরের চলাচল নিশ্চিত করার ওপর এই সতর্কবার্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে।

আইআরজিসি নৌ কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে বিদেশি শক্তির ক্রমবর্ধমান উসকানির মুখে ইরান তার সামুদ্রিক স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র তার জাহাজের ওপর কোনো হুমকি বা গুরুত্বপূর্ণ তেল রপ্তানি ও বাণিজ্য পথে কোনো ধরনের বিঘ্ন সহ্য করবে না।

নৌ কমান্ডের পক্ষ থেকে বলা হয়, ইরানি ট্যাংকার এবং বাণিজ্যিক জাহাজের ওপর হামলার যে কোনো প্রচেষ্টা এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য সরাসরি বিপদ ডেকে আনবে। বাণিজ্যিক রুটে নিরাপত্তা বজায় রাখতে এবং শত্রু জাহাজগুলোর ওপর নজরদারি বাড়াতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সামুদ্রিক নিরাপত্তা রক্ষা এবং নিজের সার্বভৌমত্ব রক্ষায় আইআরজিসি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো বৈরী আচরণ বা উসকানির দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত। বর্তমানে কৌশলগত এই জলসীমার গুরুত্ব বিবেচনায় ইরানের সামুদ্রিক স্বার্থ রক্ষায় তারা শক্ত অবস্থান নিয়েছে।