রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

ইরানে হামলায় আমিরাত জড়িত দাবি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৪:৩১ পিএম

ইরানে হামলায় আমিরাত জড়িত দাবি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির

অভিযোগ তুললেন আরাঘচি

ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সংযুক্ত আরব আমিরাত সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে তিনি দেশটির সরকারকে ইসরায়েলের সঙ্গে তাদের বিদ্যমান জোট পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় আরাঘচি এই মন্তব্য করেন। 

তার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক পোস্টে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।আরাঘচি তার বক্তব্যে জানান, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত সরাসরি জড়িত ছিল। 

তিনি দাবি করেন, তারা তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে গোলাবর্ষণ ও সামরিক সরঞ্জাম মোতায়েনের সুযোগ দিয়েছে। ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত আমিরাতকে কোনো নিরাপত্তা দিতে পারেনি উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই জোট তাদের রক্ষা করতে সক্ষম হয়নি। তিনি ইরানের প্রতি আমিরাতের বর্তমান নীতি পুনর্বিবেচনা করার পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন মধ্যস্থতায় তথাকথিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল। আরাঘচি মনে করেন, এই ধরনের কূটনৈতিক অবস্থান মধ্যপ্রাচ্যে ইরানের নিরাপত্তা স্বার্থের পরিপন্থী।বর্তমানে তিন দিনের সরকারি সফরে নয়াদিল্লিতে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর তেহরান থেকে এটিই প্রথম কোনো উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। আরাঘচি মূলত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকে অংশ নিতে ভারতে এসেছেন। 

এই সফরের অংশ হিসেবে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ওই বৈঠকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ ঘিরে চলমান সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক মহলে আরাঘচির এই অভিযোগ নতুন করে কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেইজিং বা ওয়াশিংটনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।