বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মোদি-মেলোনিতে মজেছেন নেটিজেনরা

আন্তর্জাতিক ডেস্ক

মে ২০, ২০২৬, ১২:০৬ পিএম

মোদি-মেলোনিতে মজেছেন নেটিজেনরা

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য রাজনৈতিক সংবাদ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আবারও একসঙ্গে দেখা গেছে। পাঁচ দেশ সফরের শেষ ধাপে মঙ্গলবার ইতালির রাজধানী রোমে পৌঁছান ভারতের সরকারপ্রধান। সেখানে তিনি জর্জিয়া মেলোনির সঙ্গে এক বিশেষ নৈশভোজে অংশ নেন।

সামাজিক মাধ্যমে তারা ‘মেলোদি’ নামে বেশ জনপ্রিয়।দুই নেতার নতুন ছবি প্রকাশের পর নেটিজেনদের মাঝে এই জুটিকে নিয়ে আবারও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নৈশভোজ শেষে তারা ইতালির ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনে যান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে মোদি জানিয়েছেন, রোমে পৌঁছানোর পর মেলোনির সঙ্গে সাক্ষাতের এই সুযোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। বুধবারের আনুষ্ঠানিক বৈঠকে ভারত ও ইতালির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

রোমে পৌঁছানোর পর মোদিকে বন্ধু সম্বোধন করে এক্সে স্বাগত বার্তা দেন মেলোনি।এর আগে সবশেষ ২০২৫ সালের নভেম্বরে জি-২০ সম্মেলনের ফাঁকে এই দুই নেতার আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। এবার রোমে পৌঁছানোর পর ইতালিতে বসবাসরত প্রবাসী ভারতীয়রা মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, স্বাগত অনুষ্ঠানে ইতালীয় শিল্পীরা কথক, কুচিপুড়ি ও ভরতনাট্যমের মতো ঐতিহ্যবাহী ভারতীয় নাচ পরিবেশন করেন।সেতার, সন্তুর, তবলা ও বাঁশির সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একটি মনোমুগ্ধকর পরিবেশনাও সেখানে উপস্থাপন করা হয়। সাংস্কৃতিক বিনিময়ের এই দৃশ্য উপস্থিত সবাইকে মুগ্ধ করে।