সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

আন্তর্জাতিক ডেস্ক

মে ২১, ২০২৬, ১১:৫৭ এএম

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

ট্রাম্পের নামে মহিষ! আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে সোনালি চুলের একটি মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা এই অ্যালবিনো জাতের মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। মার্কিন প্রেসিডেন্টের চুলের সঙ্গে মিল থাকায় মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’, যা এখন এক আকর্ষণের কেন্দ্রবিন্দু।

মহিষটির খ্যাতি এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও পৌঁছেছে।রয়টার্স, এএফপি, এনডিটিভি এবং পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে নারায়ণগঞ্জের এই ব্যতিক্রমী প্রাণীটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

কোরবানি ঈদ সামনে রেখে মহিষটিকে দেখার জন্য খামারে ভিড় করছেন শত শত মানুষ। রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, মজা করেই ছোট ভাই এই নাম দিয়েছিলেন, যা পরে সবার মুখে ছড়িয়ে পড়ে।খামারটিতে আরেকটি মহিষকে ‘বেনিয়ামিন নেতানিয়াহু’ নাম দেওয়া হয়েছে।

বিশেষ যত্নে রাখা ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে দিনে চারবার গোসল করানো হয়। প্রাণীটি বেশ শান্ত প্রকৃতির হওয়ায় দর্শনার্থীরা খুব সহজেই এর সঙ্গে ছবি তুলতে পারছেন। যদিও অতিরিক্ত ভিড়ের কারণে এখন ফার্মে প্রবেশে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে, বিরল জেনেটিক বৈশিষ্ট্যের কারণে অ্যালবিনো মহিষ এমন সাদা-গোলাপি বর্ণের হয়ে থাকে।বাংলাদেশে প্রাণী সংস্কৃতি ও নামকরণ নিয়ে আন্তর্জাতিক মহলে এই ঘটনা এক নতুন কৌতূহল তৈরি করেছে।