রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

পশ্চিমবঙ্গে মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২১, ২০২৬, ০১:১৪ পিএম

পশ্চিমবঙ্গে মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক

মাদরাসায় নতুন নিয়ম

ভারতের পশ্চিমবঙ্গের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার রাজ্যের সমস্ত মাদরাসায় ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। রাজ্য সরকারের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সম্প্রতি এই সংক্রান্ত একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, রাজ্যের সব মাদরাসায় মর্নিং অ্যাসেম্বলির সময় শিক্ষার্থীদের অবশ্যই এই গান পাঠ করতে হবে।

এই আদেশটি সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ সব স্বীকৃত, অনুদানপ্রাপ্ত এবং অনুদানবিহীন মাদরাসার ক্ষেত্রে প্রযোজ্য হবে।এর আগে গত সপ্তাহে একই ধরনের একটি নির্দেশনা জারি করে রাজ্যের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গানটি গাওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। 

সে সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি অনলাইন পোস্টে জানিয়েছিলেন, পূর্ববর্তী সব নির্দেশনা বাতিল করে ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় এটি বাধ্যতামূলক করা হলো। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক স্বাধীনতা আন্দোলনে ‘বন্দে মাতরম’ ছিল অন্যতম প্রধান অনুপ্রেরণা। 

তবে চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে এটি ফের তীব্র রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।গত ফেব্রুয়ারি মাসে ভারতের কেন্দ্রীয় সরকার ‘বন্দে মাতরম’ গানটিকে মূল জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা প্রদান করে।কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার রাজ্য স্তরেও বিভিন্ন অনুষ্ঠানে এর পূর্ণাঙ্গ ছয়টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করার প্রক্রিয়া চলছে। 

সাম্প্রতিক সময়ে তামিলনাড়ু ও কেরালার নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়ও এই গানটি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। এরপর পশ্চিমবঙ্গের মাদরাসাগুলোতে এটি বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।