মে ২৭, ২০২৬, ০২:০৩ পিএম
জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি ধর্মপ্রাণ মুসল্লি। বুধবার ঈদের প্রধান জামাতে অংশ নিতে সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণ ও চারপাশের চত্বর উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে।
মুসলিম উম্মাহর অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে ফিলিস্তিনিরা বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত করেন।তবে গাজা উপত্যকায় এবারও কোরবানির আনন্দ নেই।
ইসরাইলি সামরিক বাহিনী গাজায় জীবন্ত কোরবানি পশু প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি রাখায় গত তিন বছর ধরে সেখানে কোরবানি দেওয়ার সুযোগ প্রায় বন্ধ রয়েছে। গত ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর থেকে এ পর্যন্ত নতুন করে ৮৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দীর্ঘমেয়াদি এই রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বড় অংশই নারী ও শিশু। হামলায় উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।দীর্ঘ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের আবহে ফিলিস্তিনিদের এই ঈদ কাটাতে হচ্ছে।
তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন