জুন ১২, ২০২৬, ১০:৫৩ এএম
থাইল্যান্ডের রাজকুমারী বজরাকিতিয়াভা মারা গেছেন। তিন বছরের বেশি সময় কোমায় থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৪৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকালে থাই রাজপ্রাসাদ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
২০২২ সালের ডিসেম্বর মাসে কুকুর নিয়ে ব্যায়াম করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। চিকিৎসকেরা জানান, হৃদযন্ত্রে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে অনিয়মিত হৃদস্পন্দন দেখা দিয়েছিল। এরপর থেকেই তিনি কোমায় ছিলেন।
বজরাকিতিয়াভা ছিলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ও তার প্রথম স্ত্রী সোমসাওয়ালির জ্যেষ্ঠ সন্তান। ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন।তিনি যুক্তরাষ্ট্রে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে দুটি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন। নিউইয়র্কে জাতিসংঘের থাই মিশনে তিনি কাজ করেছেন। দেশে ফিরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়েও দায়িত্ব পালন করেন এই রাজকুমারী।
তথ্যসূত্র: বিবিসি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন