জুন ২৫, ২০২৬, ০৬:১০ পিএম
বিশ্ব বাণিজ্যের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য কঠোর ও নতুন নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নৌবাহিনী। বাহিনীটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান কর্তৃক নির্ধারিত অফিশিয়াল রুট বা নৌপথ ব্যবহার করেই কেবল নিরাপদে এই আন্তর্জাতিক জলপথ অতিক্রম করা সম্ভব।
বৃহস্পতিবার প্রকাশিত এই বিশেষ নির্দেশনায় নির্ধারিত রুটের বাইরে যেকোনো ধরনের বিকল্প বা অননুমোদিত রুট ব্যবহার করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত বিপজ্জনক বলে হুঁশিয়ারি দেওয়া হয়।হরমুজ প্রণালী অতিক্রমের ক্ষেত্রে ইরানি নৌবাহিনীর সাথে সমন্বয় বাধ্যতামূলক করা হয়েছে।এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ঘোষণা করেছিলেন, গত ২৮ ফেব্রুয়ারির আগের প্রশাসনিক অবস্থায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ব্যবস্থা আর কখনোই ফিরে যাবে না।
মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে একপর্যায়ে এই জলপথ শত্রুপক্ষ ও তাদের মিত্রদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল তেহরান। পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরানি বন্দর ও বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় তেহরান এই জলপথটির ওপর নিজেদের প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ আরও জোরদার করার সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী, ইরান পারস্য উপসাগর ও ওমান সাগরের মধ্যবর্তী অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং ৬০ দিনের জন্য কোনো ফি আদায় করবে না। তবে ইরানি কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে যে এই বাণিজ্যিক সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট সব জাহাজকে বাধ্যতামূলকভাবে ইরানি সামরিক কর্তৃপক্ষের সাথে নির্ধারিত যোগাযোগ ও সমন্বয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নতুন এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই কৌশলগত জলপথে তেহরান এখন থেকে আরও সক্রিয় ও কঠোর প্রশাসনিক ভূমিকা পালন করবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন