জুলাই ২, ২০২৬, ০৮:৩১ পিএম
ইসরাইলের সঙ্গে চলমান আলোচনার প্রেক্ষিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন স্পষ্ট করেছেন যে, কোনো ভূখণ্ডই ছাড় দেওয়া হবে না। তিনি জানিয়েছেন, সরকারের এই আলোচনা কোনোভাবেই আত্মসমর্পণ বা বিশ্বাসঘাতকতা নয়। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, লেবাননের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড অক্ষত রাখা হবে এবং এই আলোচনা দেশের স্বার্থেই পরিচালিত হচ্ছে।সার্বভৌমত্ব রক্ষায় লেবানন সরকার আপসহীন।
লেবাননের অনেক নাগরিক সরকারের এই চুক্তির সমালোচনা করে দাবি করছেন যে, এর ফলে দেশের অখণ্ডতা বিসর্জন দেওয়া হচ্ছে। এই সমালোচনার জবাবে আউন বলেন, কাঠামোগত সমঝোতার শর্তগুলো দেশের মৌলিক নীতি ও অধিকারের সঙ্গে সাংঘর্ষিক নয়। বরং এই চুক্তির মাধ্যমে লেবাননের অধিকারের সুরক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘকাল যুদ্ধের বিভীষিকায় ছিল এবং তারা এখন মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে চায়।
বিবৃতিতে প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, যুদ্ধ ও পরাধীনতার অধ্যায় শেষ করে এগিয়ে যাওয়ার এখনই উপযুক্ত সময়। যারা দেশের সার্বভৌমত্বকে সম্মান করেন, তাদের রাষ্ট্রের নেওয়া এই সিদ্ধান্তকেও গুরুত্ব দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সরকার যেকোনো পদক্ষেপ নিতে বদ্ধপরিকর বলে জানান তিনি।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক শক্তিগুলোর নজর এখন লেবানন ও ইসরাইলের মধ্যকার এই আলোচনার দিকে। প্রেসিডেন্ট আউনের এই বক্তব্য সরকারের প্রতি আস্থা ফিরিয়ে আনতে এবং দেশের অখণ্ডতা রক্ষায় এক সুনির্দিষ্ট বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন