রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

ইসরাইলকে আর রক্তপাতের সুযোগ দেওয়া যাবে না: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৯:৪৮ পিএম

ইসরাইলকে আর রক্তপাতের সুযোগ দেওয়া যাবে না: এরদোয়ান

ইসরাইলের বর্তমান যুদ্ধবাজ সরকারকে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে নতুন করে রক্তপাতের কোনো সুযোগ দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান। শনিবার ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।আঞ্চলিক উত্তেজনা নিরসনে তুরস্ক সব সময় কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে।

এরদোয়ান বলেন, বর্তমান যুদ্ধবাজ ইসরাইলি সরকারকে আবারও আমাদের অঞ্চলকে বারুদের গন্ধ ও রক্তে ডুবিয়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছেন। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানসহ বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে তুরস্ক সংহতির ভিত্তিতে কাজ চালিয়ে যাবে বলে তিনি জানান।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, তারা এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চান যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে অঞ্চলের প্রতিটি মানুষ নিরাপত্তা ও শান্তির সঙ্গে বসবাস করতে পারে। উত্তেজনা কমানোর প্রতিটি কূটনৈতিক উদ্যোগকে আঙ্কারা সব সময় স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত থাকবে।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জ্বালানি, পরিবহন, খনিজসম্পদ এবং তথ্যপ্রযুক্তি খাতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। পারস্পরিক সমৃদ্ধি অর্জনে এই দ্বিপাক্ষিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দুই নেতাই আশা প্রকাশ করেন।