রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: ‍‍`ডাকাতি‍‍`র অভিযোগ মামদানির

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৩:০৫ পিএম

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: ‍‍`ডাকাতি‍‍`র অভিযোগ মামদানির

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশর ও আর্জেন্টিনার মধ্যকার খেলা শেষে রেফারিং নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনা চলছে। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির নেতা জোহরান মামদানি। বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে তিনি বলেছেন, ‘মিশরকে ডাকাতি করে হারিয়ে দেওয়া হয়েছে’।

গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ওই ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। কিন্তু শেষ মুহূর্তে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। তবে আর্জেন্টিনার এই জয় নিয়ে শুরু থেকেই বিতর্ক দানা বেঁধেছে।ম্যাচটিতে একাধিক রেফারিং সিদ্ধান্তকে ‘ফলাফল নির্ধারণে প্রভাব ফেলেছে’ বলে অভিযোগ উঠেছে। শুরুর দিকে মিশর যখন এগিয়ে ছিল, তখন একটি বিতর্কিত ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পর্যালোচনার মাধ্যমে তাদের গোলটি বাতিল করে দেওয়া হয়। এই সিদ্ধান্ত নিয়ে ধারাভাষ্যকার ড্যারেন ফ্লেচার বলেন, ভিএআর আমার জীবনের অভিশাপ।

ম্যাচ শেষে মিশর ফুটবল দলের কোচ হোসাম হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সম্মান বা ফেয়ার প্লে কিছুই দেখিনি। একটি পেনাল্টি বাতিল করা হয়েছে এবং আরেকটি ঘটনায় পেনাল্টির আবেদন নাকচ করা হয়েছে। তার অভিযোগ, রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ ছিল।

এই প্রেক্ষিতে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। ইএফএর অভিযোগের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ভিএআর পর্যালোচনার মাধ্যমে গোল বাতিল, পেনাল্টির আবেদন প্রত্যাখ্যান এবং রেফারি ফ্রাসোয়া লেতেজিয়ের-এর সিদ্ধান্তে অসামঞ্জস্যতা। তারা এই রেফারি ও তার দলকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে।

এদিকে, বিষয়টিতে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির নেতা জোহরান মামদানি। সম্প্রতি এক কর্মসূচিতে তিনি বিশ্বকাপ প্রসঙ্গে টানেন। দ্রুতগতির বাসসেবা চালুর সুফল তুলে ধরতে গিয়ে তিনি বলেন, বন্ধুরা, আপনারা একমত হবেন যে গতকাল মিশরকে ছিনতাই (ডাকাতি) করা হয়েছে। তার এই মন্তব্যে উপস্থিত জনতা সমর্থন জানান।