রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ব্যাংককে বারে অগ্নিকাণ্ড: ২৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ১০:৪৪ এএম

ব্যাংককে বারে অগ্নিকাণ্ড: ২৭ জনের প্রাণহানি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সোমবার ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত বারটিতে দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।নিহত ২৭ জনের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। এছাড়া ৬০ জনেরও বেশি মানুষ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। আগুনের খবর পেয়ে রোববার রাত ১২টার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তখন বারের ভেতর থেকে প্রাণ বাঁচাতে মানুষ দৌড়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় একজন সংগীতশিল্পী গান পরিবেশন করছিলেন। তার বর্ণনা অনুযায়ী, প্রথমে মেইন সুইচ বোর্ডে আগুন লাগে এবং এরপর খুব দ্রুত পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এক বিকট বিস্ফোরণের পর ধোঁয়া ও আগুনের হাত থেকে বাঁচতে সবাই ছোটাছুটি শুরু করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বারের ভেতরে দাহ্য সাজসজ্জার উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ভুক্তভোগী ভবনের পেছনের দিকে চলে গিয়েছিলেন এবং ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে টয়লেটের ভেতরে লুকিয়েছিলেন, সেখানেই অধিকাংশ লাশ পাওয়া গেছে। জরুরি বের হওয়ার পথ কিছু টেবিল দিয়ে আংশিকভাবে আটকে ছিল কি না, সেটিও কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।রং বিয়ার না লাত ফ্রাও নামের এই বারটি ব্যাংককের জনপ্রিয় রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।