জুলাই ১৯, ২০২৬, ১০:১৮ এএম
জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন মার্কিন সেনা নিখোঁজ রয়েছেন। মার্কিন সেনাদের এই প্রাণহানির পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং প্রতিশোধ নিতে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক পাল্টা বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।জর্ডানের ঘাঁটিতে এই হামলার ঘটনায় অঞ্চলটিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন সেনাদের ওপর হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে শনিবার রাতে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে এই পাল্টা বিমান হামলা চালায়। টানা অষ্টম রাতের মতো পরিচালিত এসব হামলার মূল উদ্দেশ্য ছিল জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইরানের শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বাহিনীকে কঠোর শাস্তি দেওয়া। একই সঙ্গে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি দেওয়ার সামরিক সক্ষমতাকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া।
সেন্টকমের তথ্য অনুযায়ী, জর্ডানে শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর চারজন মার্কিন সেনাসদস্যকে উন্নত চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয় এবং আহত অন্য সেনারা নিজেদের দায়িত্বে ফিরেছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই আত্মত্যাগ তাদের সংকল্পকে আরও দৃঢ় করবে বলে মন্তব্য করেছেন।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরজিসির বরাতে দাবি করেছে, শনিবার ভোরে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে বিবিসি এই দাবির বিষয়ে সেন্টকমের সঙ্গে যোগাযোগ করলেও মার্কিন সামরিক কর্তৃপক্ষ কোনো বিস্তারিত তথ্য দিতে বা মন্তব্য করতে রাজি হয়নি। চলতি মাসের শুরুতে নিখোঁজ হওয়া মার্কিন নৌবাহিনীর এক পাইলটকে মৃত ঘোষণা করার পর বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এ নিয়ে মোট মার্কিন সেনার মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
গত এক সপ্তাহ ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভয়াবহ উত্তেজনা শুরু হয়েছে। মার্কিন প্রশাসন ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় কঠোর অর্থনৈতিক ও নৌ অবরোধ আরোপ করার পর পাল্টা জবাবে তেহরানও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন