সেপ্টেম্বর ১, ২০২৬, ০৩:৩৩ পিএম
রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার বা অস্ত্র হিসেবে পানিকে কোনোভাবেই ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, পানি এই অঞ্চলের মানুষের জীবন ও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বা এসসিও রাষ্ট্রপ্রধানদের বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই মূলত এই মন্তব্য করেছেন শাহবাজ শরিফ। তিনি উল্লেখ করেন যে আন্তর্জাতিক চুক্তিগুলো তাদের মূল উদ্দেশ্য ও শর্ত অনুযায়ী পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা অগ্রহণযোগ্য এবং টেকসই শান্তি ছাড়া দক্ষিণ এশিয়া তার সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারবে না বলে জানান তিনি।
সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, অভিন্ন পানিসম্পদ নিয়ে কোনো বিরোধ দেখা দিলে তা আন্তর্জাতিক আইন ও প্রচলিত ব্যবস্থার মাধ্যমেই সমাধান করা উচিত। এ সময় তিনি তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গও তোলেন এবং জানান যে এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। আঞ্চলিক উত্তেজনা কমাতে পাকিস্তান সবসময় কার্যকর ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি।
পাকিস্তান সব বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান এবং আন্তর্জাতিক আইন মেনে চলায় বিশ্বাস করে বলে উল্লেখ করেন শাহবাজ শরিফ। সাম্প্রতিক বিভিন্ন সংকট মোকাবিলায় নিরাপদ জ্বালানি করিডোর এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার ওপরও তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন