রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

ইউক্রেনে ভারতীয় ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ১০:১৯ পিএম

ইউক্রেনে ভারতীয় ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১

ইউক্রেনের সুমি অঞ্চলে ভারতীয় প্রতিষ্ঠান কুসুম গ্রুপের পরিচালিত একটি ওষুধ কারখানায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া কারখানার একজন কর্মী নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, হামলায় কারখানাটির মূল কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন আঘাত হানার পর ওই এলাকা থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করা হচ্ছে এবং এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৯৯৪ সালে ইউক্রেনে ভারতীয় ওষুধ রপ্তানিকারক ও পরিবেশক হিসেবে কার্যক্রম শুরু করে কুসুম গ্রুপ। বর্তমানে ভারতীয় নাগরিক রাজীব গুপ্তর নেতৃত্বে পরিচালিত এই প্রতিষ্ঠানটি নিজেদের ভারতীয় মূলধারার ইউক্রেনীয় কোম্পানি হিসেবে পরিচয় দেয়। ওষুধ উৎপাদনে প্রবেশের আগে ২০০২ সালে কোম্পানিটি তাদের নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলতে শুরু করে। ২০০৭ সালে ভারতে একটি কারখানা স্থাপন করার পর ২০০৯ সালে ইউক্রেনের সুমিতে কারখানা চালু করে কোম্পানিটি।

পঞ্চাশটিরও বেশি জেনেরিক ওষুধ তৈরি এবং ইউক্রেন, উজবেকিস্তান, কাজাখস্তান ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের বাজারে পণ্য বিক্রি করে কুসুম গ্রুপ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পুরো সময়জুড়ে সুমির এই কারখানাটির কার্যক্রম সচল ছিল। তবে রোববারের হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কোম্পানিটির ভবন। হামলায় প্রায় চারশো কোটি রুপির ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা এবং হামলায় প্রাণ হারানো ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেন, দুর্ভাগ্যবশত হামলায় একজন নিহত হয়েছেন এবং তার পরিবার ও স্বজনদের প্রতি আমার সমবেদনা। তিনি জানান, রাশিয়ার ড্রোনগুলো কিয়েভের পিভনিচনি সেতু এবং দিনিপ্রোর একটি যোগাযোগ কেন্দ্রেও আঘাত হেনেছে। এসব হামলায় আরও ছয়জন আহত হয়েছেন।