রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপি নেতা হত্যা মামলায় লেদু হাসানের রিমান্ড নাকচ, কারাগারে প্রেরণ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০৮:৫৬ পিএম

বিএনপি নেতা হত্যা মামলায় লেদু হাসানের রিমান্ড নাকচ, কারাগারে প্রেরণ

ছবি: দিনাজপুর টিভি

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হত্যা মামলায় গ্রেপ্তার মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এই আদেশ দেন।

বাদীর হলফনামার পর আদালত রিমান্ড আবেদন নাকচ করেন।আদালতের পুলিশ কর্মকর্তা জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি চলাকালে মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে হলফনামা দাখিল করেন। সেখানে তিনি দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তি মামলার প্রকৃত আসামি নন। বাদীর এই বক্তব্যের পর আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ২৮ জুলাই রাতে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ১ জুলাই সালিস বৈঠক শেষে হামলার শিকার হয়ে মারা যান বিএনপি নেতা আবুল বাশার।ঘটনার তিন দিন পর আদাবর থানায় মামলা দায়ের করা হয় এবং এ পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করা হয়েছে।